মনোনয়ন না পেয়ে ফেসবুক লাইভে কাঁদলেন এমপি 

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ফেসবুক লাইভে এসে কাঁদলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হক। গতকাল সোমবার দুপুরে নিজস্ব ফেসবুক আইডিতে লাইভে এসে বাগমারাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কেঁদে ফেলেন তিনি। বাগমারাবাসীকে তার সঙ্গে থাকারও আহ্বান জানান।

ফেসবুক লাইভে এনামুল বলেন, ‘প্রিয় বাগমারাবাসী আসসালামু আলাইকুম। প্রথমে আমি বাগমারাবাসীকে ধন্যবাদ জানাই। আমি ২০০৮ সালে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে আপনাদের সেবা করে যাচ্ছি। তিন তিনবার আমাকে আপনারা নির্বাচিত করেছেন। এজন্য বাগমারাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই।’

তিনি আরও বলেন, ‘আমি আজ (গতকাল) বাগমারায় আসব। আপনাদের সঙ্গে কথা বলব। আমি রক্তাক্ত জনপদ বাগমারাকে বসবাসের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার ভুল-ত্রুটি ছিল। আমি একাধারে দলের মানুষ দলের সঙ্গে বা নির্দলীয় শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কাজ করেছি। এই জনপদকে কেউ অশান্ত করবে সেটা আমি কোনোদিন করতে দেবনা। আমি আপনাদের সঙ্গে নিয়ে এই শান্তির জনপদের উন্নয়নকে অব্যাহত রাখব। আমি আপনাদের পাশে আছি। আমি আজকেই বাগমারা এসে আপনাদের সঙ্গে বসব। আপনারা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে আমি বাগমারাবাসীর পাশে থাকতে চাই।’

এমপি এনামুল বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্তের মালিক আপনারা। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নশীল এই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। এজন্য শান্ত থেকে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু অবাধ করে দেশ ও বিদেশের কাছে জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। এ ব্যাপারে আমি সবার সহযোগিতা কামনা করি। আমার জন্য যারা রোজা করেছেন আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।’