হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া চারদিনের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে চতুর্থ দফায় ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৩ ফিলিস্তিনি বন্দি। এদের মধ্যে ৩০ জনই অপ্রাপ্তবয়স্ক বলে জানা গেছে।
অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গাজা থেকে আরও ১১ বন্দিকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
মঙ্গলবার (২৮ নভেম্বর) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে হামাসের কাছে জিম্মিদের ফিরিয়ে আনার জন্য যুদ্ধবিরতি চুক্তির অধীনে চতুর্থ দফায় আরও ৩৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে মঙ্গলবার ভোরে জানিয়েছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ।
এর ফলে যুদ্ধবিরতির চার দিনে ইসরায়েল থেকে মুক্তিপ্রাপ্ত মোট ফিলিস্তিনি বন্দির সংখ্যা ১৫০ জনে পৌঁছাল।
অন্যদিকে যুদ্ধবিরতির প্রথম তিন দিনে ১৩ জন করে ৩৯ জন এবং চতুর্থ দিনে ১১ জন ইসরায়েলিকে মুক্তি হামাস। এরফলে যুদ্ধবিরতির চার দিনে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির সংখ্যা ৫০ জনে পৌঁছেছে।
এছাড়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস যুদ্ধবিরতির প্রথম তিন দিনে ১৭ জন থাই নাগরিক, একজন ফিলিপিনো এবং একজন ইসরায়েলি-রাশিয়ান নাগরিককেও মুক্তি দিয়েছে। এই বন্দিরাও হামাসের সাথে আলাদাভাবে করা চুক্তির অংশ ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।