শুভ জন্মদিন আব্দুল গাফফার

রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ও রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত তারকা ফুটবলার আব্দুল গাফফারের ৬৮তম জন্মদিন আজ ২৮ নভেম্বর। তিনি ১৯৫৫ সালে ঢাকার রাজাবাজারে জন্মগ্রহণ করেন। 

আব্দুল গাফফারের জন্মদিন উপলক্ষে আজ সকালে তাকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন।

ক্রীড়া সংগঠক হিসেবে আব্দুল গাফফারের সুনাম আর খ্যাতি টেনে নিয়ে গিয়েছে ক্রীড়াঙ্গণের সবার হৃদয়ে। করোনাকালীন সময়ে তার ভূমিকা অসাধারণ। বহু খেলোয়াড় ও সংগঠক তার মাধ্যমে পেয়েছেন ভরসা। পাশে থেকে সাহস জুগিয়েছেন তিনি। 

জাতীয় ফুটবল দল ছাড়াও ঢাকা ওয়ান্ডারার্স, মোহামেডান ও আবাহনীর এই সাবেক খেলোয়াড় অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের সময়ে (১৯৯৭ সালে) অস্থায়ী মেয়রের দায়িত্ব পালন করেছেন তিনি। 

তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সদস্য। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপি এবং বিএসজেএ এর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। 

ক্রীড়াঙ্গণের মানুষের কাছে সৎ, সাহসী আর সাংগঠনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তি হিসেবে পরিচিত আব্দুল গাফফারের জন্মদিনে শুভেচ্ছা।