ফেসবুক-টিকটকে প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি, যুবকের ৩ বছরের জেল

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিসহ কয়েকজনের আপত্তিকর ছবি ফেসবুক-টিকটকে পোস্ট করায় ফারুক হোসেন (৩৪) নামে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ফারুক রামগঞ্জের চন্ডিপুর গ্রামের আবু তাহের মুন্সির ছেলে।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতাদের আপত্তিকর ছবি ফেসবুক-টিকটকে পোস্ট দিয়ে কটূক্তি করেছেন ফারুক নামের ওই যুবক। অভিযোগটি আদালতে প্রমাণ হওয়ায় তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে সাজা দিয়ে রায় ঘোষণা করেন আদালত। আসামি ফারুক আদালতে উপস্থিত ছিলেন না। তিনি জামিনে গিয়ে পলাতক।

মামলা সূত্রে জানা যায়, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম (৪৫) বাদী হয়ে রামগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। এরপরই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। গেল ৩০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব কুমার দাশ আদালতে ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে আদালত এ রায় দেন।