স্বস্তির জয়ে ভারত সফর শেষ করলো বাংলাদেশ যুব দল

যুব এশিয়া কাপের আগে ভারতে চারজাতি টুর্নামেন্ট খেলতে গিয়ে খুব সুখকর অভিজ্ঞতা ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের। পুরো আসরে মাত্র একটা ম্যাচেই জয় পায় তারা। তবে আসরের একেবারে শেষ ম্যাচে আরও একটি জয়ের স্বস্তি নিয়ে দেশে ফিরতে পেরেছে যুবারা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড যুব দলকে বড় লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে হারিয়েছে বাংলার যুবারা।

পুরো আসরজুড়েই বাংলাদেশের যুবাদের ভুগিয়েছে ব্যাটিং ব্যর্থতা। আগে ব্যাট করে হামজা শেখের সেঞ্চুরিতে ৩০৩ রান জড়ো করলে শঙ্কা জাগে। তবে অধিনায়ক আহরার আমিনের অপরাজিত সেঞ্চুরি, আরিফুল ইসলামের ৭০ বলে ৮১ এবং চৌধুরী রিজওয়ানের ৩৬ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংসের সুবাদে ৪ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ।

পাঁচে নেমে ৮৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় অপরাজিত ১০৮ রানের ইনিংসে ম্যাচের সেরা হন আহরার। চতুর্থ উইকেটে ১২৪ বলে ১৫২ রানের দারুণ জুটিতে দলকে এগিয়ে নেন আরিফুল ও আহরার। শতকের সম্ভাবনা জাগিয়েও ফিরে যেতে হয় আরিফুলকে। এর পর রিজওয়ানের সঙ্গে ৬৬ বলে অবিচ্ছিন্ন ১০২ রানের বিস্ফোরক জুটিতে জয় নিয়ে ফেরেন আহরার।

প্রাথমিক পর্বে ইংল্যান্ডের বিপক্ষে দুবারের দেখাতেই হেরেছিল বাংলাদেশ। এবার তাদের হারিয়ে প্রতিযোগিতায় তৃতীয় হলো বাংলাদেশ। সিরিজে সব মিলিয়ে সাত ম্যাচে বাংলাদেশের জয় দুটি। প্রথমটি ছিল ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে। ফাইনালে সোমবার ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ৬৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল।