ঠাকুরগাঁও-২ থেকে স্বতন্ত্র হয়ে ভাইয়ের বিরুদ্ধে লড়বেন ভাই

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে ভাইয়ের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়তে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন আলী আসলাম জুয়েল।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার।

পদত্যাগের পর ঠাকুরগাঁও-২ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলী আসলাম জুয়েল।

জুয়েল আওয়ামী লীগের দলীয় টিকিট পেতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু দলের সভাপতি শেখ হাসিনা এই আসন থেকে সংসদ সদস্য দবিরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম সুজনকে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেন। মাজহারুল ইসলাম সুজন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক পদে দায়িত্ব পালন করছেন।

মাজহারুল ইসলাম সুজনের চাচাতো ভাই আলী আসলাম জুয়েল উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আলী আসলাম জুয়েল বলেন, আজ পদত্যাগ করেছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেছি।

দলীয় মনোনয়ন না পেয়ে আলী আসলাম জুয়েল ভাইয়ের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এলাকায় এনিয়ে নানা জল্পনা ও গুঞ্জন শুরু হয়েছে এই নির্বাচনী এলাকায়।