ইউক্রেনের গোয়েন্দাপ্রধান কিরিলো বুদানভের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইউক্রেনের সংবাদ মাধ্যম কিয়েভ পোস্টের বরাতে মঙ্গলবার (২৮ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এক তথ্য প্রকাশ পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের গোয়েন্দাপ্রধানের স্ত্রী মারিয়ানা বুদানোভকে ‘হেভি মেটাল’ ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে।
বাবেল নামের ইউক্রেনীয় নিউজ পোর্টাল বলেছে, মারিয়ানা বুদানভাকে হাসপাতালে নেওয়া হয়েছে। দীর্ঘসময় ধরে অসুস্থবোধ করার পর তাকে হাসপাতালে নেওয়া হয়।ইউক্রেনস্কা প্রাভদা বলেছে, আরও কয়েকজন গোয়েন্দা কর্মকর্তাকেও বিষপ্রয়োগ করা হয়েছে। তবে তাদের মধ্যে গোয়েন্দাপ্রধানও রয়েছেন কিনা তা প্রকাশ করা হয়নি। এ বিষয়ে ইউক্রেনীয় গোয়েন্দা দপ্তর থেকেও কোনো মন্তব্য করা হয়নি।
ইউক্রেনের সংবাদমাধ্যমগুলোর দাবি, মারিয়ানার ওপর যেধরনের বিষপ্রয়োগ করা হয়েছে তা কোনোভাবেই প্রাত্যাহিক জীবনে অথবা সামরিক অভিযানে ব্যবহার করা হয় না। ইউক্রেনস্কা প্রাভদা নিজেদের সূত্রকে উদ্ধৃত করে বলেছে, পরীক্ষার পর বিষপ্রয়োগের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। সম্ভবত খাবারের মাধ্যমে এই বিষপ্রয়োগ করা হয়েছে। এখন তিনি অনেকটাই সুস্থবোধ করছেন।
কিয়েভের মেয়রের একজন উপদেষ্টা হিসেবে কাজ করছেন মারিয়ানা। সেপ্টেম্বরে ৩৭ বছর বয়সী লে. জেনারেল বুদানভ বলেছিলেন, নিরাপত্তার কারণে রুশ আক্রমণের পর থেকে নিজ কার্যালয়েই বসবাস করছেন তিনি ও তার স্ত্রী।