মনোনয়ন পাওয়ার পর সিলেটে গিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আর সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে আবার সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানা তিনি।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তির পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো সিলেটে আসেন পররাষ্ট্রমন্ত্রী। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার দল ও দলের সভাপতি আমাকে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই। যাতে নির্বাচনে জয়ী হয়ে সিলেটবাসীর সেবায় আন্তরিকভাবে কাজ করতে পারি।’

পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল বুধবার সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেবেন।

বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী স্বাগত জানাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।