নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নির্বাচন সঠিক সময়ে হবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং আন্তর্জাতিক সম্পর্ক মধুর হবে। শেখ হাসিনাকে টলানো এতো সহজ না।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের অবস্থিত একটি রেস্টুরেন্টে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।
শামীম ওসমান বলেন, একটা মহল নির্বাচনের আগে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না। জনগনকে কষ্ট দিবে এটা শেখ হাসিনা মেনে নেবেন না। জাতির পিতার সঙ্গে তার কন্যার একটা ডিফারেন্স আছে। জাতির পিতা সবাইকে বিশ্বাস করতেন। সেই সুযোগ নিতো বিশ্বাসঘাতকরা। জাতির পিতার কন্যা বিশ্বাসঘাতকদের চিনে রেখেছেন। তার ওপর আল্লাহর রহমত আছে। গত দুই বছর ধরে শুনতেছি সরকার পড়ে যাবে ক্ষমতায় আসতেছি এসব, কিচ্ছু হবে না। নির্বাচন হবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।
তিনি আরও বলেন, সামনে আর কয়টা দিন। আগামী ১৫/২০ দিন দেশব্যাপী সহিংসতার চেষ্টা করা হবে। যারা করাবে তারা কিন্তু আড়ালেই থাকবে। যারা করবে তারা ফেঁসে যাবে।
এখনো নির্বাচনী প্রচারণা শুরু করেননি উল্লেখ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ১০০ পার্সেন্ট ফেয়ার নির্বাচন হবে। কেউ ঘাড়ও ঘুরাতে পারবে না। যারা নকল করে পাশ করে তাদের জন্য নয়, তবে আমাদের জন্য এটা সুখবর। আমরা যারা সারা বছর রাজপথে থাকি, পড়ালেখা করি। আমরা চাই রাজনীতিটা রাজনীতিবিদদের হাতেই থাকুক।
তিনি বলেন, আমি যদি বলি পাঁচ মিনিটে নারায়ণগঞ্জে বিএনপির প্রতিটি নেতাকর্মীর বাড়িতে হামলা হবে। তখন দোষ কার হবে, আমার হবে। যারা বাইরে থেকে নির্দেশ পেয়ে অরাজকতা করছে তারা কিন্তু ছাড় পাবে না। এবার ক্ষমতায় আসলে দুটি জিনিস ছাড় দেয়া হবে না। একটা মানি লন্ডারিং আর আরেকটা দুর্নীতি।