দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানোর দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের উদ্দেশে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ ইমেইল ও রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিস পাঠান। এতে নির্বাচন পেছাতে ২৪ ঘণ্টার সময় দিয়ে বলা হয়েছে, ব্যত্যয় হলে এ বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।
নোটিসের বরাত দিয়ে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ দেশ রূপান্তরকে বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেও একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে এখনো অংশ নেবে কি না নিশ্চিত নয়। এ ছাড়া দেশে লাগাতার অবরোধ-হরতাল চলছে। এমন পরিস্থিতিতে নির্বাচন আয়োজন কতটুকু যৌক্তিক সে প্রশ্ন রয়েছে। তিনি সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ব্যাখ্যা দিয়ে বলেন, সেখানে বলা হয়েছে সংসদ ভেঙে যাওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।