থানায় আসা সেবাপ্রার্থীদের দ্রুততম সময়ের মধ্যে কাক্সিক্ষত সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। গতকাল মঙ্গলবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অধীনস্থ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘মানুষ পুলিশের সেবা পেতে প্রথম থানায় আসে। আমরা থানাকে মানুষের সেবাপ্রাপ্তির প্রথম ভরসাস্থল হিসেবে গড়ে তুলতে চাই। ডিএমপি জনসেবায় কতটা আন্তরিক তা দ্রুততম সময়ে সেবা প্রদানের মাধ্যমে সম্মানিত নগরবাসীকে বোঝাতে হবে।’
রাষ্ট্র পুলিশকে জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে ডিএমপিপ্রধান বলেন, ‘পেশাদারিত্ব ও কাক্সিক্ষত সেবা দিয়ে তার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে আরও বেগবান করতে হবে।’