ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি নিলুফার আনজুম পপিকে নৌকার মনোনয়ন দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন সাংসদ মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনসহ মনোনয়নবঞ্চিত ৬ প্রার্থী। তারা অবিলম্বে পপির মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের ধানমহালের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান সমাবেশে এ দাবি জানান তারা।
সাংসদ নাজিম উদ্দিন আহমেদ সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নৌকার মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হাসান অনু, সদস্য মুর্শেদুজ্জামান সেলিম, সদস্য এ কে এম আবদুর রফিক, জেলা কমিটির উপদেষ্টা নাজনীন আলম ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। এ সময় নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে হত্যার পর মিষ্টি খেয়েছিল। যার বাবা ছিল গৌরীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সে ছিল জগন্নাথ কলেজের ছাত্রদলের নেত্রী। আমরা তাকে ভোট দেব না।