ছুরিকাঘাত করে ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত শহিদুলের ভাগনে মতিউর রহমান জানান, তার মামা পেশায় প্রাইভেট কারের চালক। তার বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়। তবে তিনি বর্তমানে শনির আখড়া বাগানবাড়ি মসজিদ গলিতে থাকেন। সোমবার রাত দেড়টার দিকে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় গলিতে তিন ছিনতাইকারী তার মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তার গলার বাম পাশে, বুক ও হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। সঙ্গে থাকা ৯ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এদিকে ধানম-ি এলাকায় ছিনতাই করতে গিয়ে প্রাইভেট কারসহ মো. নুর আলম হাবু ও মো. আলমাস নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খন্দকার মহিদ উদ্দিন গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, গত রবিবার রাত ১টার দিকে দুই ভাই হাজারীবাগ থেকে পান্থপথ নিজ বাসায় রিকশাযোগে যাচ্ছিলেন। ধানম-ি আবাহনী মাঠের পেছনে ওয়াসার অফিসের সামনে একটি প্রাইভেট কার তাদের রিকশা গতিরোধ করে। সেখান থেকে তিন ছিনতাইকারী নেমে চাপাতির ভয়ভীতি দেখিয়ে ভিকটিমদের কাছ থেকে দুটি স্যামসাং মোবাইল ফোন ও ১ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়।