চোট নিয়ে মাঠ ছাড়লেন জাকির

ব্যাটসম্যানের আশেপাশের জায়গাগুলোয় ফিল্ডিং করা ভয়ংকর। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। মারাত্মক আঘাত পেতে পারেন ফিল্ডার। সেটাই হয়েছে আজ সিলেটে, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে। পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন জাকির হাসান।

২২তম ওভারে নাঈম হাসানের হাফভলি ডেলিভারি পেছনের পায়ে গিয়ে সজোরে অফ সাইডে মারেন হেনরি নিকোলস। লাফিয়ে উঠেও বলের লাইন থেকে সরতে পারেননি সিলি পয়েন্টে থাকা জাকির। বেশ গতি নিয়েই সেটি আঘাত হানে তার পায়ের পাতার ওপরের দিকে।

ব্যথায় মাঠেই শুয়ে পড়েন জাকির। দৌড়ে আসেন ফিজিও। মাঠেই চলে প্রাথমিক শুশ্রূষা। কিন্তু ব্যথার তীব্রতা না কমায় আর মাঠে থাকতে পারেননি জাকির। স্ট্রেচারে বসিয়ে তাকে নেওয়া হয় মাঠের বাইরে।