দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার (২৯ নভেম্বর) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে এটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হতে পারে।
এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা আজ সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল ও পরশু সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবং বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার এই অবস্থা আগামীকাল ও পরশুও থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৫, রাজশাহীতে ৩১.০, রংপুরে ৩০.১, ময়মনসিংহে ৩১.০, সিলেটে ২৯.৭, চট্টগ্রামে ৩২.২, খুলনায় ৩১.৫ ও বরিশালে ৩২.০ ডিগ্রি সেলসিয়াস।