গত কয়েকদিন ধরেই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই হিমেল হাওয়ায় শীত অনুভূত হয়।
আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর গত সোমবার রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী নভেম্বর থেকে উত্তরের সীমান্তবর্তী তেঁতুলিয়ায় শীত পড়তে শুরু করেছে। তাপমাত্রা বর্তমানে ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে শীতের প্রকোপ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৫, রাজশাহীতে ৩১.০, রংপুরে ৩০.১, ময়মনসিংহে ৩১.০, সিলেটে ২৯.৭, চট্টগ্রামে ৩২.২, খুলনায় ৩১.৫ ও বরিশালে ৩২.০ ডিগ্রি সেলসিয়াস।