দ্রাবিড়ই থাকছেন রোহিত-কোহলিদের কোচ

ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে হারের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ভারতের কোচ থাকতে চান না রাহুল দ্রাবিড়। তবে তাকে ছাড়তে চায় না বিসিসিআই। সাবেক এই ব্যাটিং গ্রেটের সঙ্গে চুক্তি বাড়িয়েছে ভারতীয় বোর্ড। বিজ্ঞপ্তি দিয়ে আজ বিষয়টি নিশ্চিত করেছে তারা।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর রবি শাস্ত্রী সরে দাঁড়ালে ওই বছরের নভেম্বরে ভারতীয় দলের প্রধান কোচ হন দ্রাবিড়। বিসিসিআইয়ের সঙ্গে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল ৫০ বছর বয়সী এই কিংবদন্তির।

চুক্তির মেয়াদ কতদিন বাড়ানো হয়েছে সেটি স্পষ্ট করা বলা হয়নি বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে। তবে ধারণা করা হচ্ছে, অন্তত ২০২৪ সালের জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দ্রাবিড়।

তার অধীনে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হারলেও জিতেছে এশিয়া কাপ। তিন সংস্করণেই দলকে তিনি আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও তুলেছেন। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপেরও দুর্দান্ত ছিল ভারত। অপরাজিত থেকে ফাইনালে জায়গা করে নিয়েছিল তারা। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে খেই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় দলটি।

তবে সব মিলিয়ে গত দুই বছরে তিনি ও তার সহকারীরা দলটাকে যেভাবে গুছিয়ে তুলেছেন, তাতে বোর্ড কর্তারা বেশ সন্তুষ্ট। রাহুলের সঙ্গে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলিপও দায়িত্ব চালিয়ে যাবেন।