‘অ্যানিমেল’ মুক্তি ঘিরে চলছে অগ্রিম টিকিট বুকিং। বুকিংয়েই এখন পর্যন্ত প্রায় ১০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি!
ছবি মুক্তি পেতে এখনও বাকি দিন দুয়েক। তবে দর্শক ও অনুরাগীদের উৎসাহ তুঙ্গে। সন্দীপ নিজে দক্ষিণী পরিচালক হওয়ায় দক্ষিণ ভারতের একাধিক রাজ্যেও প্রচারে দেখা গিয়েছে রণবীরকে। সঙ্গে ছিলেন ছবির অভিনেত্রী রাশমিকা মান্দানাও। ৩ ঘণ্টা ২১ মিনিটের ছবি হওয়া সত্ত্বেও ‘অ্যানিম্যাল’ ঘিরে অনুরাগীদের উত্তেজনা চোখে পড়ার মতো। ছবির এই দৈর্ঘ্য নিয়ে চিন্তিত নন রণবীর নিজেও।
সম্প্রতি এক অনুষ্ঠানে রণবীর জানান, ‘অ্যানিমেল’ নাকি আদপে আরও লম্বা ছবি ছিল। অনেক কাঠখড় পুড়িয়ে নাকি ছবিকে ৩ ঘণ্টা ২১ মিনিটে এনে দাঁড় করিয়েছেন পরিচালক নিজে।
এদিকে, রণবীরের এই ছবি মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে ঝুলিতে ভরেছে ৯ কোটি ৭৫ লক্ষ টাকার বেশি। তবে কি ‘অ্যানিম্যাল’-কে ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করবেন সন্দীপ?
সম্প্রতি এক অনুষ্ঠানে এই প্রশ্নের উত্তর দেন ছবির অন্যতম প্রযোজক ভূষণ কুমার। ‘অ্যানিমেল ২’-এর প্রশ্নে ভূষণের উত্তর, ‘আপনারা ‘অ্যানিমেল’ দেখতে গেলেই জানতে পারবেন, কোন চমক সাজানো আছে!’ তবে কি ছবির দ্বিতীয় ভাগ নিয়ে ভাবনাচিন্তা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন নির্মাতারা?
আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’। তখনই মিলবে সেই প্রশ্নের উত্তর।