কেন ইয়ামিকে সেট থেকে চলে যেতে বলেছিলেন পরিচালক?  

চেয়েছিলেন একজন আইএএস অফিসার হবেন। কিন্তু সেটি আর হয়নি। এলেন অভিনয়ে, হয়ে উঠলেন সফল অভিনেত্রী। বলছি ইয়ামি গৌতমের কথা। অভিনয় জীবনের প্রথম দিকটা চ্যালেঞ্জিং ছিল তার কাছে। শুরুর দিকে টিভি শোতে কাজ করতেন।

সম্প্রতি মুম্বাই সংবাদসংস্থার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন পুরনো সেই সময়ের অভিজ্ঞতার কথা। তিনি জানান, তাকে সেট থেকে বলা হয়েছিল বাড়ি চলে যেতে। 

অভিনেত্রী জানিয়েছেন, পড়াশোনা করার সময় তিনি বেশ কিছু টিভি শোতে কাজ করার সুযোগ পেয়েছিলেন। যা শীঘ্রই বন্ধ হয়ে যায়। কারণ তিনি একটি দৃশ্য সম্পর্কে প্রশ্ন করেছিলেন। যা পছন্দ হয়নি নির্মাতাদের।

ইয়ামি গৌতম

 

সে সময়ের কথা স্মরণ করে ইয়ামি বলেন, এটি সত্য। শুটিংয়ের প্রথম দিনে একটি দৃশ্য সম্পর্কে আমার কিছু প্রশ্ন ছিল। আমি প্রশ্ন করার পরে সবাই আমার দিকে গম্ভীর ভাবে তাকিয়ে বুঝিয়ে দিয়েছিলেন আমি প্রশ্ন করতে পারি না। পরের দিন যখন আমি সেটে গিয়ে আমার স্ক্রিপ্ট পড়ছিলাম, তখন একজন আমার কাছে এসে বললেন, আপনি বাড়ি চলে যেতে পারেন।

সেই অভিজ্ঞতা আজও দুঃস্বপ্নের মত অভিনেত্রীর কাছে। তবে সেই ঘটনাটিকে ইতিবাচক ভাবেই গ্রহণ করেছিলেন তিনি। তিনি মনে করেন ওই ঘটনা তাকে অভিজ্ঞ করে তুলেছে। আজকের ইয়ামি হতে সাহায্য করেছে।