সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর মেয়াদ ফের বাড়ল

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর চুক্তির মেয়াদ আরও এক বছর ছয় মাস বাড়ানো হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর ছয় মাসের জন্য তাকে ফের চুক্তিতে নিয়োগ দেওয়া হলো।

‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৪৯ অনুযায়ী জাবেদ পাটোয়ারী আগের চুক্তির ধারাবাহিকতায় ও একই শর্তে এই নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী ২০২০ সালের ১৪ এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। তখন তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে ১৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য সৌদি আরবের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়। পরে তার চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়।