ভারতে সুড়ঙ্গ অভিযানের নায়কের কথা

১২ নভেম্বর, ৪১ জন শ্রমিক ভারতের উত্তরকাশীর সিল্কিয়ারায় নির্মাণাধীন সুড়ঙ্গের ভেতরে আটকা পড়েছিলেন। তারপর থেকে তাদের উদ্ধারের জন্য রীতিমতো একটি যুদ্ধকালীন মিশন পরিচালিত হয়। এগিয়ে ভারত সরকারের অনুরোধে এগিয়ে আসেন আন্তর্জাতিক পর্যায়ের সুড়ঙ্গ বিশেষজ্ঞ প্রফেসর আর্নল্ড ডিক্স ৷ তার নির্দেশনায় আইনত নিষিদ্ধ ‘র‍্যাট হোল’ পদ্ধতিতেই উদ্ধার অভিযান শুরু হয়।   

অবশেষে ১৭ দিন পর সিল্কিয়ারা টানেল থেকে বেরিয়ে আসেন ৪১ জন শ্রমিক ৷ এই অসাধ্য সাধনের মিশনে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ও কয়েকজন ব্যক্তি অংশ নেয়। তাদের মধ্যে একজন অস্ট্রেলিয়ার একজন ডিক্স। ভারতবাসীর কাছে প্রফেসর ডিক্স এখন রীতিমতো হিরো। কারণ তার তত্ত্বাবধানে চলে উদ্ধার কাজ।

জেনেভার ইন্টারন্যাশনাল টানেলিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড স্পেস অ্যাসোসিয়েশনের প্রধান সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স। ভূগর্ভস্থ নির্মাণ সম্পর্কিত আইনি, পরিবেশগত, রাজনৈতিক এবং নৈতিক ঝুঁকি নিয়েই তার কাজ। সুড়ঙ্গ বিষয়ে বিশ্বজুড়ে তার বিশেষজ্ঞ মতামতে গুরুত্ব দেওয়া হয়। তার নিজের ওয়েবসাইটে তাকে একজন 'দক্ষ আইনজীবী' হিসেবেই বর্ণনা করা হয়েছে।

গত প্রায় তিন দশক কাজ করছেন তিনি নানা ক্ষেত্রে। তবে ভূগর্ভস্থ নিরাপত্তা নিয়েই তার মূল কাজ। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত কাতার রেড ক্রিসেন্ট সোসাইটিতে স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করেছেন। ২০২০ সালে আন্ডারগ্রাউন্ড ওয়ার্কস চেম্বার গঠনের জন্য লর্ড রবার্ট মেয়ার পিটার ভিকারিতে যোগ দেন। ভূগর্ভে মানুষের যেসব কাজ আধুনিক প্রযুক্তির কল্যাণে হয়ে চলেছে, সেখানে মাঝে মধ্যেই উদ্ভব ঘটে বিভিন্ন জটিল, অভিনব বাধার। সেই সমস্যা সমাধানেই পটু ডিক্স।

ভারতের উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল ধসে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারের ডাকে তাই ভারতে ছুটে আসেন তিনি। কাজে লেগে যান শুরু থেকেই।

উদ্ধার অভিযান যেদিন প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ পুরো ভারতের উৎকণ্ঠা যখন শেষের পথে তখন দেখায় যায় অন্য এক আর্নল্ড ডিক্সকে। ২৮ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও দেখা যায়, সিল্কিয়ারা সুড়ঙ্গের বাইরে শ্রমিকদের মুক্তি প্রার্থনা করছেন তিনি, তাও আবার বহুকনাগের ছোট্ট মন্দিরে!  ডিক্সের হাঁটু মুড়ে করজোড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করার ভিডিও ভাইরাল হয়।

উদ্ধার অভিযানের চূড়ান্ত দিনে সুড়ঙ্গের বাইরে প্রার্থনা করছেন আর্নল্ড ডিক্স, ছবি-ভিডিও স্ক্রিনশট

বিজ্ঞান-প্রযুক্তির এই সময়ে উদ্ধার কাজ যখন সফল তখন আবার প্রার্থনা কেন? এ প্রশ্নের উত্তর দিয়ে ডিক্স বলেন, ‘মন্দিরে তো আমায় যেতেই হত। ধন্যবাদ জানাতে হত ঈশ্বরকে। এই মিরাকলের জন্য। সমস্ত শ্রমিক নিরাপদে ফিরে আসবেন, সে জন্যই মন্দিরে যাই।' এই সুড়ঙ্গ বিশেষজ্ঞ বলেন, 'কর্মসূত্রে আমি যে দেশের যে প্রান্তে যাই, সেখানকার স্থানীয় মন্দিরে পুজো দিই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কারণ প্রকৃতিকে রুষ্ট করা যায় না। আর ঈশ্বরই হলেন প্রকৃতির অধীশ্বর।'

২৮ নভেম্বর রাতে যখন একে একে হাসি মুখে বেরিয়ে এলেন আটকে পড়া শ্রমিকরা, তখন হাসি ছিল ডিক্সের মুখেও। তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘পর্বত আমাদের একটি শিক্ষা দিল, নম্র হওয়ার শিক্ষা।’

এই শ্রমিক উদ্ধার অভিযানের সাফল্যে ভারতকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। একই সঙ্গে প্রফেসর আর্নল্ডের প্রশংসাও করেছেন। এক্স পোস্টে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ এই দারুণ সাফল্যের জন্য ভারতকে শুভেচ্ছা, আমি গর্বিত যে প্রফেসর আর্নল্ড ডিক্স সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’