বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মারাকানায় ব্রাজিলকে হারানোর পরপরই বোমা ফাটান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ইঙ্গিত দেন জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর। পরের খবর রীতিমতো আগুনে ঘি ঢালার কাজ করে। ডিসেম্বরে অনুষ্ঠেয় কোপা আমেরিকার ড্র তে না যাওয়ার ঘোষণা দেন স্কালোনি। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে তার সঙ্গে প্রাথমিক আলাপ শুরুর খবরে নাভিশ্বাস ওঠার অবস্থা হয় আলবিসেলিস্তে সমর্থকদের। তবে এবার কিছুটা স্বস্তি এলো। নিজের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন স্কালোনি। আর্জেন্টিনার পক্ষ থেকে কোপার ড্র-তে প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছেন স্কালোনি। দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গ্যাস্টন এদুলের বরাতে এ তথ্য জানা গেছে।
অবশ্য দীর্ঘদিন পর গণমাধ্যমে কথা বলেছেন স্কালোনি নিজেও। বোবো টিভিতে সাবেক ফুটবলার ক্রিশ্চিয়ান ভেরিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। অনেক অজানা কথা খুলে বলেছেন সেখানে। বিশ্বকাপের সময়ে তীব্র মানসিক চাপ ও ক্লান্তির মধ্যে দিয়ে পার করতে হয়েছে। তার ফলস্বরূপ শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটে। স্কালোনি জানান, বিশ্বকাপ শেষে ‘হার্পিস’ রোগে আক্রান্ত হন তিনি। আলসারের মতো পেটের একটি অসুখ এটি।
জাতীয় দলের দায়িত্ব নেয়া কী পরিমাণ চ্যালেঞ্জিং তা প্রথম ছয় ম্যাচের পরেই টের পেয়েছিলেন তিনি। জানান, ‘জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়ে আপনার যা আছে সবকিছু দিয়ে খেলতে হয়, সম্পূর্ণ হৃদয় দিয়ে। জাতীয় দলে আসা এমন একটা আনন্দদায়ী পরিস্থিতি যা ক্লাব পর্যায়ের চাইতে সম্পূর্ণ আলাদা আবহের।’
এ সময় লিওনেল মেসির ভুয়সী প্রশংসা করেন তিনি। জানান, ‘বিশ্বকাপ একজন খেলোয়াড়ের জন্য সবচাইতে আকর্ষণের বিষয়। মেসি তার পুরোটা হৃদয় দিয়ে খেলেছিল। সে পুরো অপ্রতিরোধ্য ছিল।’
মেসিকে কাছ থেকে খেলতে দেখার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব না বলে মনে করেন স্কালোনি। আর্জেন্টিনা দলে মেসির ভবিষ্যত নিয়ে বলেন, ‘মেসি দেখিয়েছে ফুটবলে সীমা বলতে কিছু নেই। মাঠের খেলা দারুণ উপভোগ করছে সে। আমিতো বলেই দিয়েছি যতদিন সম্ভব সে খেলাটা চালিয়ে যাক। তবে এটা নির্ভর করবে ওর সিদ্ধান্তের ওপর।’
গুমট পরিস্থিতি কাটিয়ে স্কালোনির প্রাণোচ্ছল কথাবার্তায় স্বস্তির নিঃশ্বাস নিতে পারে আর্জেন্টাইন সমর্থকেরা।