‘রেশমি চুড়ি’র পর আবারও বড় ক্যানভাসে মিউজিক ভিডিও নিয়ে আসছেন হালের জনপ্রিয় সংগীত তারকা দিলশাদ নাহার কনা। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আভরাল সাহির। ‘আমি হয়েছি নিলাম’ শিরোনামে রোমান্টিক এ গানের কথা লিখেছেন সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর- সংগীতায়োজন আভরালেরই করা।
কনা বলেন, ‘আমি গানটি নিয়ে সত্যিই এক্সাইটেড। গানটির কথা, সুর ও সংগীত- সবমিলে অসাধারণ হয়েছে। আমি আর আভরাল চেষ্টা করেছি গায়কীতে এক ধরনের রোমান্টিক কেমেস্ট্রি আনতে। ভিডিওর শুটিংও অনেক বড় আয়োজনে হয়েছে। গানটিতে সবাই প্রেম খুঁজে পাবে। একবার শুনলেই পছন্দ হওয়ার মতো একটি গান।’
আভরাল সাহির বলেন, ‘গানটি মূলত জোড়াশালিক নাটকের জন্য তৈরী করেছি। হাসিব হোসেন রাখি পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর তটিনী। গানটি সবার এতোটাই ভালো লেগেছে যে, পরিচালক বললেন আমার আর কনার আপুর জন্য আলাদা একটি মিউজিক ভিডিও করবেন। তিনিই পুরোটা আয়োজন করেছেন, পরিচালনাও করেছেন। অনেক বড় পরিসরে কাজটি হয়েছে। সবচেয়ে বড় কথা খুব সুন্দর একটি মিউজিক ভিডিও হয়েছে। গানটিতে সিনেম্যাটিক ফ্লেভার রয়েছে। আমার বিশ্বাস সবার পছন্দ হবে।’
জানা গেছে, খুব শিগগিরই গানটি উন্মুক্ত হবে।