তিন সন্তানের মা আয়েশা। বয়স ৩৮ বছর। মাদকাসক্ত হওয়ায় বর্তমানে আফগানিস্তানের কাবুলে একটি পুনর্বাসন কেন্দ্রে ঠাঁই হয়েছে তার। কিন্তু কীভাবে তিনি মাদকাসক্ত হলেন?
আয়েশা বলেন, আমাদের অর্থনৈতিক সমস্যা ছিল। দুই রাত এবং দিন কিডনিতে ব্যথা হচ্ছিল। তখন আমার স্বামী ড্রাগ নিতে বলেন। আমি একবার ড্রাগ নেওয়ার পর আসক্ত হয়ে পড়ি। তখন চিকিৎসক আমাকে পুনর্বাসন কেন্দ্রে যেতে বলেন।
তবে এ ক্ষেত্রে আয়েশা একা নন। বর্তমানে অসংখ্য আফগান নারী মাদকাসক্ত হয়ে পড়েছেন। গত ছয় মাসে প্রায় ৫০০ জন মাদকাসক্ত নারী ও ২৫০ জন শিশুকে পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন মাদকবিরোধী বিভাগ। খবর টোলো নিউজের।
পুনর্বাসন কেন্দ্রের এক নার্স জানান, আফগান নারীদের মাদকাসক্ত হওয়ার প্রধান কারণ অর্থনৈতিক সংকট, পারিবারিক সহিংসতা ও মানসিক চাপ। যদিও দেশটিতে মাদকাসক্ত নারীর সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য নেই। ২০১৮ সালে পরিচালিত এক জরিপে জানা যায় দেশটির ৩৫ লাখ মাদকাসক্তের মধ্যে প্রায় ৫৮ জন হাজার নারী।
মাদকবিরোধী উপমন্ত্রীর কার্যালয় প্রধান হাসিবুল্লাহ আহমাদি বলেন, দেশের বিভিন্ন জোনে প্রতি তিন মাসে ২০ হাজার মাদকাসক্তকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে বর্তমানে এক হাজারের বেশি মাদকাসক্ত নারী চিকিৎসাধীন রয়েছে।