ফেসবুক থেকেই আমাজনের পণ্য কিনুন

আমাজনের পণ্য কেনার জন্য ফেসবুক থেকে বের হয়ে আর আমাজনের অ্যাপে প্রবেশ করতে হবে না। সম্প্রতি মেটা নতুন একটি ফিচার এনেছে, যার মাধ্যমে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের প্রমোশনাল ফিড থেকে সরাসরি পণ্য কিনতে পারবেন ব্যবহারকারীরা। আমাজনের একজন মুখপাত্র বলেন, ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যাপ থেকে বের না হয়ে সরাসরি আমাজনের পণ্য কেনার এমন সুবিধা এই প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে। এতে আমেরিকার ক্রেতারা রিয়েল টাইম মূল্য, বিস্তারিত বিবরণ এবং ডেলিভারির সময়সীমা দেখতে পারবেন।

সম্প্রতি এ বিষয়ে মেটা ‘ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে বের না হয়ে আমাজনের পণ্য কেনা’ শিরোনামে তাদের সাপোর্ট পেজে ফিচারটির বিস্তারিত প্রকাশ করেছে। পেজটিতে বলা হয়েছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে নিরবচ্ছিন্ন শপিংয়ের অভিজ্ঞতা নিতে চাইলে মেটা এবং আমাজন অ্যাকাউন্টের মধ্যে আপনি লিংক তৈরি করে দিতে পারেন। সেখানে আরও বলা হয়, ব্যবহারকারী চাইলে অ্যাপ থেকে বের না হয়ে আমাজন পণ্য দেখতে পারবেন।