টাঙ্গাইল-৮ থেকে মনোনয়নপত্র জমা দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১টায় সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আলমের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি নিজেই মনোনয়নপত্র জমা দেন।

এ সময় কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী, নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস সবুর খান, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শ ম আমজাদ হোসাইনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি কোনো ভাগাভাগিতে নেই। যদি ভাগাভাগি করতাম, তাহলে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতাম।’