পিটার হাসকে হত্যার হুমকি

আ.লীগের ৮ নেতার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বাঁশখালী ও মহেশখালীর আওয়ামী লীগের ৮ নেতার বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  মো. সালাউদ্দিন আহমদ এ আদেশ দেন। এর আগে সকালে আওয়ামী লীগের ওই ৮ নেতার বিরুদ্ধে একই আদালতে মামলার আবেদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বিএনপি নেতা এম এ হাশেম রাজু।

মামলার আবেদনে যাদের আসামিরা করা হয়েছিল তারা হলেন বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, চাম্বল ইউনিয়ন পরিষদের সদস্য ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাদ, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুল।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. ইরফান উদ্দীন বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বাঁশখালী ও মহেশখালী উপজেলার আওয়ামী লীগের ৮ নেতার বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেন এম এ হাশেম। আদালত তার জবানবন্দি রেকর্ড করে। মামলাটি আদেশের জন্য রেখেছিলেন। বিকেলে আবেদন খারিজ করে দেয় আদালত। 

বাদী এম এ হাশেম রাজু দাবি করে বলেন, ৬ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন আসামিরা। তাদের ওই বক্তব্যের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছিল।