দেশ রূপান্তর-এ ‘দিনে চা বিক্রি রাতে পড়ে জিপিএ-৫ পেল স্মৃতি' শিরোনামে এবং আরো বেশ কয়েকটি গণমাধ্যমে ভিন্ন শিরোনামে নিউজ প্রকাশের পর মেয়েটির উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন।
ইউএনও মোশারেফ হোসাইন বুধবার চা বিক্রেতা স্মৃতি পারভীনের বাড়িতে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় স্মৃতি পারভীন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন তিনি।
ময়না ইউনিয়ন পরিষদের সামনে চা বিক্রেতা স্মৃতি পারভীন এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। গাছ ব্যবসায়ী বাবা মো. হারুনার রসিদ দ্বিতীয় বিয়ে করে সংসারের দায়িত্ব পালন করেন না।
প্রতিদিন ভোর ৫টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চায়ের দোকানে চা বিক্রি করে রাতে পড়ালেখা করে জিপিএ-৫ পাওয়া স্মৃতির স্বপ্ন ভবিষ্যতে নার্স হয়ে অসহায় রোগীদের সেবা করা। কিন্তু ১৮ বছর বয়সী ছোট স্মৃতির নার্স হওয়ার ছোট স্বপ্ন বাস্তব রূপ পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছিল পারিবারিক অস্বচ্ছলতার কারণে।
স্মৃতি পারভীন দেশ রূপান্তরকে জানায়, প্রতিদিন ভোর ৫টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ময়না বাজারে অবস্থিত চায়ের দোকানে চা বিক্রি করে। এরপর রাত ১০টা পর্যন্ত বড় বোন মনিকা পারভীন চা বিক্রি করে। এভাবে পালাক্রমে দুই বোন চায়ের দোকান চালায়। প্রতি কাপ চা ৫টাকা। এতে যা লাভ থাকে তাতেই সংসার চলে।