নাপোলিকে ফের হারিয়ে গ্রুপ সেরা রিয়াল

জমজমাট লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়াতে দেরি করেনি রিয়াল মাদ্রিদ। নাপোলিও দেখিয়েছে প্রতিদ্বন্দ্বিতা। তবে শেষ দিকে আক্রমণের ঝড় তুলে ইতালির ক্লাবটিকে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ দলটি।

সান্তিয়াগো বের্নাবেউয়ে গতরাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে রিয়াল। টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা। প্রথম দেখায় নাপোলির মাঠ থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছিল প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি।

রিয়ালের হয়ে গোল চারটি করেন রদ্রিগো, জুড বেলিংহ্যাম, নিকো পাস ও হোসেলু। নাপোলির দুই গোলদাতা জিওভানি সিমেওনে ও আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো আনগিসা।

শেষ রাউন্ডের অনিশ্চয়তা ঝেড়ে ফেলতে এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্টের দরকার ছিল নাপোলির। শুরুটাও দারুণ করে তারা। নবম মিনিটে গোলমুখে বল পেয়ে আলতো টোকায় ঠিকানায় পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড সিমেওনে। রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন অবশ্য ঝাঁপিয়ে বল ফিরিয়েছিলেন, কিন্তু তার আগেই গোললাইন পেরিয়ে যায় বল।

নাপোলির আনন্দ দুই মিনিটও স্থায়ী হয়নি। পুনরায় খেলা শুরু হলে প্রথম আক্রমণেই দুর্দান্ত গোলে সমতা টানেন রদ্রিগো। ব্রাহিম দিয়াসের পাস ধরে বক্সে ঢুকে জোরাল শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, দূরের পোস্ট দিয়ে বল খুঁজে পায় ঠিকানা।

১১ মিনিট পর রিয়ালকে এগিয়ে নেন দারুণ ছন্দে থাকা ইংলিশ ফরোয়ার্ড বেলিংহ্যাম। আসরে প্রথম তিন ম্যাচে একটি করে গোল করা বেলিংহ্যাম চোটের কারণে খেলতে পারেননি গত রাউন্ডে। ফিরেই আবারও স্বরূপে হাজির তিনি।

বিরতির পর খেলা শুরু হতেই নাপোলিকে সমতায় ফেরান জাম্বো আনগিসা। এরপর একের পর এক আক্রমণে নাপোলিকে চেপে ধরে রিয়াল। যার পুরস্কার পায় তারা ৮৪তম মিনিটে, গোল করেন নিকো পাস। যোগ করা সময়েরর চতুর্থ মিনিটে নাপোলির ঘুরে দাঁড়ানোর শেষ আশাটুকুও শেষ করে দেন হোসেলু। কয়েকটি সহজ সুযোগ নষ্টের পর বেলিংহ্যামের পাস পেয়ে কাছ থেকে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড।