বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে লিড নিল নিউজিল্যান্ড

লিড নেওয়ার আশায় ছিল বাংলাদেশ। কিন্তু স্বাগতিকদের হতাশ করে তৃতীয় দিন সকালে লিড নিয়ে নিল নিউজিল্যান্ড। নবম উইকেটে টিম সাউদি ও কাইল জেমিসনের দৃঢ়তায় এখন লিড বাড়ানোর পথে ছুটছে কিউইরা।

৯৯ ওভার শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ৩১৪ রান। জেমিসন ২৪ ও সাউদি ৩২ রানে অপরাজিত। দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ঠিক ৫০।

৪৪ রান পিছিয়ে থেকে দিন শুরু করে নিউজিল্যান্ড। আস্থার সঙ্গে ব্যাটিং করে সফরকারীদের এগিয়ে নিচ্ছেন সাউদি ও জেমিসন। তাদের কাজ সহজ করেছে বাংলাদেশের রক্ষণাত্মক মানসিকতা।

রান আটকানোর পরিকল্পনায়ই হয়তো দিনের শুরু থেকে ছড়ানো ফিল্ড সাজিয়ে বোলিং করতে থাকে বাংলাদেশ। এর সুযোগ কাজে লাগিয়ে অনায়াসে এক-দুই রান বের করে নিচ্ছেন সাউদি ও জেমিসন।

আগের দিন শেষ দিকের তুলনায় বৃহস্পতিবার সকালে টার্ন কমেছে কিছুটা। কিছু ডেলিভারি বড় বড় টার্ন করলেও তাতে ভয়ের কিছু হয়নি নিউ জিল্যান্ডের জন্য।