হেনরি কিসিঞ্জার এবং ‘নোবেল ওয়ার প্রাইজ’

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০০ বছর। সর্বশেষ তিনি নিক্সন ও ফোর্ড প্রশাসনে দেশটির শীর্ষ কূটনীতিক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। তার প্রতিষ্ঠিত রাজনৈতিক কনসালটিং প্রতিষ্ঠান- কিসিঞ্জার এসোসিয়েটসের এক বিবৃতিতে জানানো হয়েছে, জার্মান বংশোদ্ভূত এই সাবেক কূটনীতিক কানেক্টিকাটে তার বাড়িতে মারা গেছেন। তবে বিবৃতিতে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

কয়েক দশকের ক্যারিয়ারে কিসিঞ্জার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কখনো কখনো আলোচিত, সমালোচিত এবং বিতর্কিতও হয়েছেন। 
 
ছাত্র হিসেবে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভের পর তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শিক্ষকতা করেছেন। পরে ১৯৬৯ সালে তখনকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। মূলত এটিই তাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ব্যাপক প্রভাব তৈরির সুযোগ করে দেয়। নিক্সন প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও কাজ করেছেন তিনি।

এরপর প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সময়েও কিসিঞ্জারের নেতৃত্বে পরিচালিত কূটনৈতিক প্রচেষ্টার ফল হিসেবে ইসরায়েল ও এর প্রতিবেশীদের মধ্যে ইয়ম কিপুর যুদ্ধ অবসানে মধ্যস্থতার সুযোগ এনে দেয়। এছাড়া ভিয়েতনাম যুদ্ধ অবসানে প্যারিস শান্তি চুক্তিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে ১৯৭৭ সালে সরকারি চাকরি থেকে বিদায়ের পর কিসিঞ্জার জনস্বার্থ সম্পর্কিত বিষয়ের বিশ্লেষক হিসেবে ভূমিকা অব্যাহত রাখেন।

বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও অনেক আইন প্রণেতারা বিভিন্ন বিষয়ে তার পরামর্শ নিয়েছেন। একশো বছর বয়সেও তিনি সক্রিয় ছিলেন। সর্বশেষ চলতি বছর তিনি চীন সফর করেন। সম্প্রতি আমেরিকার শীর্ষ কর্মকর্তারা একের পর পর চীন সফর করেছেন। এর মধ্যে জুলাইয়ে হঠাৎ করে পূর্ব কোনো ঘোষণা ছাড়া বেইজিং সফর করেন ১০০ বছর বয়সী হেনরি কিসিঞ্জার।

সমালোচনা আর বিতর্ক
বহু বছর ধরে কিসিঞ্জারকে ঘিরে নানা ধরনের সমালোচনা হয়েছে। বিশেষ করে তার সোভিয়েত ইউনিয়ন নীতি এবং চিলির অগাস্টো পিনোশেসহ বিশ্বজুড়ে বহু কর্তৃত্বপরায়ন শাসকগোষ্ঠীকে সমর্থন দেয়ার জন্যও সমালোচনা হয় তার। শীতল যুদ্ধের সময়কার 'রিয়ালপলিটিকে'র মূর্ত প্রতীক বলেও তাকে মনে করেন অনেকেই। 

কাম্বোডিয়ায় বেআইনিভাবে বোমা ফেলে গণহত্যা থেকে চিলিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে উৎখাত- এমন বহু ঘটনায় বারে বারে নাম জড়িয়েছে কিসিঞ্জারের। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের চালানো গণহত্যাকেও প্রচ্ছন্ন সমর্থন করে স্বাধীন বাংলাদেশেও তার পরিচয় এক নিন্দিত চরিত্র হিসেবেই।

একদা তার প্রবল ভারতবিরোধী ভূমিকার কথাও বহুল চর্চিত। কুখ্যাত 'নিক্সন টেপে' হেনরি কিসিঞ্জারকে বলতে শোনা গিয়েছিল, "ভারতীয়রা 'সাচ বাস্টার্ডস' (এত বড় বেজম্মা), আর ইন্দিরা গান্ধী একজন 'বিচ'!" যদিও পরে ভারতের সাথে বিশেষ করে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার সুসম্পর্কের কথা শোনা যায়।

৫০ বছর আগে উত্তর ভিয়েতনামের লি ডাক থোর সঙ্গে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এ পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর মধ্যে এটি অন্যতম। ১৯৭৩ সালের এই নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন উত্তর ভিয়েতনামের বিপ্লবী, জেনারেল, কূটনীতিক ও রাজনীতিবিদ লি ডাক থো। অন্যদিকে কিসিঞ্জার এই পুরস্কার গ্রহণের জন্য অসলোতে যাওয়ারই সাহস করেননি।

পুরস্কারের ঘোষণাটি তাৎক্ষণিক বিশ্বজুড়ে তুমুল বিতর্কের জন্ম দেয়। সিদ্ধান্তটি শুনে পুরো বিশ্ব হতবাক হয়ে পড়ে। সিদ্ধান্তটি নিয়ে তুমুল বিতর্কের জেরে পাঁচ সদস্যের নোবেল কমিটির দুজন পদত্যাগ করেন। পুরস্কারের সিদ্ধান্তের বিষয়ে নরওয়ের নোবেল কমিটির সদস্যদের মধ্যেও অসন্তোষ ছিল। পাঁচ সদস্যের কমিটির দুজন পদত্যাগও করেন। এমন ঘটনা এ পুরস্কারের ইতিহাসে প্রথম ঘটেছিল।

১৯৭৩ সালের ১৬ অক্টোবর পুরস্কারের ঘোষণাটি দেওয়া হয়েছিল। ঘোষণায় বলা হয়েছিল, নরওয়ের নোবেল কমিটি কিসিঞ্জার ও উত্তর ভিয়েতনামের মুখ্য শান্তি আলোচক লি ডাক থোকে যৌথভাবে এ পুরস্কার দিচ্ছে। ১৯৭৩ সালে ভিয়েতনামে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হচ্ছে।  

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা এ সিদ্ধান্তের সমালোচনা করে নরওয়ের পার্লামেন্টে চিঠি দেন। মার্কিন ব্যঙ্গাত্মক গানের গায়ক টম লেহরার খোঁচা মেরে বলেছিলেন, এ ঘোষণার কাছে রাজনৈতিক ব্যঙ্গ পর্যন্ত হেরে গেছে। নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিশেষ করে কিসিঞ্জার ছিলেন সবার সমালোচনার নিশানায়। কারণ, তিনি ভিয়েতনাম যুদ্ধ, চিলিতে গণতান্ত্রিক সরকার উৎখাত, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাসহ নানা ইস্যুতে কুখ্যাতি কুড়িয়েছিলেন।

কম্বোডিয়ায় বোমা বর্ষণ, দক্ষিণ আমেরিকায় সামরিক শাসনকে সমর্থনসহ আমেরিকার পররাষ্ট্রনীতির ইতিহাসে সবেচেয় বিতর্কিত অধ্যায়ের সাথে জড়িত থাকা কিসিঞ্জারকে এই পুরস্কার দেওয়ায় অনেকের চোখ সেসময় কপালে ওঠে। প্রতিবাদে পদত্যাগ করেছিলেন নোবেল কমিটির দুজন সদস্য। নিউইয়র্ক টাইমস সেবছর পুরস্কারটিকে আখ্যায়িত করেছিলো 'নোবেল ওয়ার প্রাইজ' হিসেবে।

সূত্র: বিবিসি, এএফপি।