জেরুজালেমে বাস স্টপে হামলা, নিহত ৩, হামাসকে দুষছে ইসরায়েল

প্রাচীন শহর জেরুজালেমের একটি বাস স্টপে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা।

স্থানীয় সময় সকালে ভীরের মধ্যে বাস স্টপে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে ইসরায়েলি পুলিশ জানিয়েছে যে দুই ফিলিস্তিনি হামলাকারী এই ঘটনা ঘটিয়েছে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে জেরুজালেমের উপকণ্ঠে একটি বাস স্টেশনে একটি গাড়িতে  করে ঘটনাস্থলে পৌঁছায় হামলাকারীরা। তাদের কাছে থাকা অস্ত্রের মাধ্যমে বেসামরিক মানুষের উপর হামলা চালায় তারা।

পরবর্তীতে নিরাপত্তা বাহিনী এবং কাছাকাছি একজন বেসামরিক নাগরিক তাদের আটক করে জানায় পুলিশ।

বার্তাসংস্থা রয়টার্সে হামলাকারী দুইজনকে ফিলিস্তিনি উল্লেখ করা হলেও অন্যান্য গণমাধ্যমে এখনও নিশ্চিত পরিচয় দেয়া হয়নি।

হামলার ঘটনাস্থল সিল করে দেয়া হয়েছে এবং হামলাকারীদের গাড়ির ভেতর থেকে গোলাবারুদ ও অস্ত্র পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে আল জাজিরা জানিয়েছে যে, হামলায় ১৬ জন আহত হয়েছে এবং তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

এদিকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, জেরুজালেমের হামলাকারী দুই বন্দুকধারী হামাসের সদস্য এবং তারা পূর্ব জেরুজালেমের বাসিন্দা।

তিনি  হামলার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, 'এরা স্পষ্টতই হামাস কর্মীরা, যারা এখানে দুটি কণ্ঠে কথা বলে, একটি তথাকথিত যুদ্ধবিরতির কণ্ঠ এবং দ্বিতীয়টি সন্ত্রাসের কণ্ঠে।"

তিনি আরও বলেন, এই হামলা ইসরায়েলে বেসামরিক নাগরিকদের কাছে অস্ত্র বিতরণের গুরুত্ব তুলে ধরে।