ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। আজ বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এর আগে ঢাকা থেকে লঞ্চযোগে জ্যাকব চরফ্যাশন লঞ্চঘাটে পৌঁছলে তাকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। চরফ্যাশন উপজেলা শহর জনসমুদ্রে পরিণত হয়। চরফ্যাশন রাসেল স্কয়ারের সামনে সদর রোডে এসে পৌঁছালে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। পঞ্চম বারের মতো দলীয় মনোনয়ন পাওয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। চরফ্যাশন ও মনপুরা এলাকায় দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশে জ্যাকব বলেন, গত ২০ বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। আপনাদের ভালোবাসা পেয়েছি। আগামীতেও আপনাদের ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাব।
পরে দুপুর ১টায় তিনি চরফ্যাশন উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে ছিলেন- চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন আকন, মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা চৌধুরী, চরফ্যাশন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগের সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।