দুর্নীতি মামলায় খালাস পেলেন নওয়াজ শরিফ, নির্বাচনী সম্ভাবনা বাড়ল 

অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ খালাস পেয়েছেন। গতকাল বুধবার ইসলামাবাদ হাইকোর্ট এ রায় দিয়েছে। পাকিস্তানের সাধারণ নির্বাচনকে সামনে রেখে নওয়াজের দল পিএমএল-এনের জন্য এটিকে বড় স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের লন্ডনে অবৈধ অর্থ দিয়ে সম্পদ গড়ে তোলার অভিযোগে ২০১৮ সালে অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর পাঁচ বছর পর দুর্নীতির দায় থেকে মুক্তি পেলেন তিনি। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে সাধারণ নির্বাচন হবে। নির্বাচনের আগে দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়া নওয়াজ শরিফকে ক্ষমতায় ফেরার পথ সুগম করলো বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া আরেক দুর্নীতি মামলায় আদালতের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিল তুলে নিয়েছে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা। এর মাধ্যমে তার সামনে থেকে আরেকটি বাধা দূর হয়ে গেছে।

খালাস পাওয়ার পর নওয়াজ শরিফ বলেছেন, ‘আমি আল্লাহকে ধন্যবাদ জানাই। পুরো বিষয়টি তার ওপর ছেড়ে দিয়েছিলাম। আজ আল্লাহ আমাদের বিজয়ী করেছেন।’  

তবে নওয়াজ শরিফের বিরুদ্ধে এখনো আল-আজিজিয়া স্টিল মিল মামলার রায় বহাল রয়েছে। ২০১৮ সালে আল-আজিজিয়া মামলায় নওয়াজকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধেও আপিল করেছেন তিনি। ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে এ মামলার আপিল শুনানি সম্পন্ন হবে।  

২০১৯ সালে চিকিৎসার অজুহাতে যুক্তরাজ্যে চলে যান নওয়াজ শরিফ। এরপর ২০২২ সালে ইমরান খান আস্থাভোটে পদচ্যুত হওয়ার পর তার নওয়াজের ভাই শাহবাজ জারদারিদের সঙ্গে জোট করে ক্ষমতায় আসেন। তখন থেকেই নওয়াজের দেশে ফেরার সম্ভাবনা তৈরি হয়। গত মাসে পাকিস্তানে ফিরে আসেন তিনি।