লিড চারশো হলে 'ঠিক আছে' মুমিনুলের কাছে

তৃতীয় দিন শেষে হাতে ৭ উইকেট রেখে সিলেট টেস্টে বাংলাদেশ এগিয়ে ২০৫ রানে। সেঞ্চুরি করে অপরাজিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই অবস্থায় দলের চিন্তাটা কি? সকালে দুই উইকেট নিয়ে কিউইদের ইনিংস ৩১৭ রানে গুটিয়ে দেয়া এবং ব্যাট হাতে ৪০ রান করা মুমিনুল হক জানালেন তেমন ভাবনার দিকেই যাচ্ছেন না তারা,  'কেমন চিন্তা করছি এটাই চিন্তা করিনি। পজিশন ভালো আছে এই পর্যন্ত।' 

প্রথম দুদিন উইকেটে মনে হচ্ছিল বেশ কঠিন। শার্প টার্ন করছিল, বল নিচুও হচ্ছিলো। তৃতীয় দিনে এসে টার্ন থাকলেও বিষাক্ত কোন আচরণ দেখা যায়নি। পুরো দিনে উইকেট পড়েছে পাঁচটি, যার দুটি আবার রানআউট।

সময়ের সঙ্গে সঙ্গে খারাপ হওয়ার বদলে উইকেট মনে হচ্ছে ভালো হচ্ছে। দিনের খেলা শেষে কথা বলতে এসে মুমিনুলও জানালেন প্রতিপক্ষকে কত রানের লক্ষ্য দিলে নিরাপদ থাকা সম্ভব, সেটা বোঝা বেশ মুশকিল আপাতত, 'উইকেট তো এখনো পর্যন্ত মনে হচ্ছে ভালোই। আমার পক্ষে বলা কঠিন। চারশো হতে পারে, সাড়ে তিনশোও হতে (লক্ষ্য)। নির্ভর করছে কালকের উপর। কাল চতুর্থ দিন, অন্যরকম আচরণ করতে পারে। চারশো হলে ঠিক আছে...।'

চতুর্থ দিন আরও লম্বা সময় ব্যাট করতে চায় বাংলাদেশ। ম্যাচ প্রতিপক্ষের নাগালের বাইরে নিয়ে যেতে চান মুমিনুলরা। এই উইকেটে ধৈর্য ধরে ব্যাটিং, বোলিং দুটোই করে প্রতিপক্ষকে ভুল করাতে চায় স্বাগতিকরা।