হেলমেটের ভেতর লুকিয়ে ছিল বিষধর সাপ

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর সরীসৃপগুলির মধ্যে একটি সাপ। নানা কারণেই প্রাণীটি ভয়ংকর এবং একইসঙ্গে আকর্ষণীয়ও বটে। সাপ ছদ্মবেশ ধারণ করার ওস্তাদ এবং তাদের এই কৌশল শিকারিদের বিভ্রান্ত করতে দারুণ কার্যকর। সম্প্রতি এক ব্যক্তি তার মোটরসাইকেলের হেলমেটের ভেতর লুকিয়ে থাকা একটি বিষধর সাপ দেখতে পান। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

সংক্ষিপ্ত ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দেব শ্রেষ্ঠা। ভিডিওতে হেলমেটের ভিতরে একটি সাপ দেখা যায়। যদিও প্রথম দেখায় সাপটি লক্ষ্য করা কঠিন কারণ এর রঙ এবং প্যাটার্ন হেলমেটের সঙ্গে মিলে যায়। ভিডিওতে দেখা যায় হেলমেটটি মাটিতে রাখা হয়েছে এবং সাপটি ফণা তুলে রয়েছে, দেখে মনে হয় যেকোনো সময় আক্রমণ করার জন্য প্রস্তুত। ১ নভেম্বর শেয়ার করা ভিডিওটি এরইমধ্যে ৪৩ হাজার বারের বেশি লাইক এবং ৪২ লাখের বেশি বার দেখা হয়েছে।  

অনেকের জন্য ঘটনাটি বেশ উদ্বেগজনক হলেও এমন ঘটনা এটাই প্রথম নয়। কিছুদিন আগে কেরালার এক ব্যক্তি তার হেলমেটের ভেতর একটি ছোট কোবরা দেখতে পান। থ্রিসুরের বাসিন্দা সোজন তার কর্মস্থলে পার্ক করা স্কুটারের পাশে হেলমেট রেখে গিয়েছিলেন। পরে সন্ধ্যায় যখন তিনি তার গাড়িটি নিতে আসেন তখন তিনি তার হেলমেটে কিছু প্রবেশ করতে দেখেন। তখনি তিনি বন বিভাগকে বিষয়টি জানান এবং একজন স্বেচ্ছাসেবক সাপটি উদ্ধার করেন। 

বর্ষাকালে ঠাণ্ডা, অন্ধকার জায়গা যেমন জুতা, টয়লেট এবং এমনকি রান্নাঘরের ক্যাবিনেও লুকিয়ে থাকতে পারে প্রাণঘাতী এই সরীসৃপ। তাই এসব ব্যবহারের আগে একটু দেখে নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।