এসডিজিতে বেসরকারি খাতের অবদান বাড়াবে জাইকা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে (এসডিজি) দেশের বেসরকারি খাতের অবদান বাড়াতে উদ্যোগ নিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকায় সম্প্রতি ‘প্রাইভেট সেক্টর কন্ট্রিবিউশন টু দ্য এসডিজিস’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। বাংলাদেশে ব্যবসার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ত্বরান্বিত করার ক্ষেত্রে ইতিবাচক অংশীদারত্ব নিশ্চিত করতে ২৪টি জাপানি প্রতিষ্ঠান, ৮টি বাংলাদেশি আর্থিক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী এবং ৮টি স্থানীয় স্টার্টআপ সেমিনারে অংশগ্রহণ করে।

সেমিনারে লাইট অব হোপ, মনের বন্ধু, উইম্যান ইন ডিজিটাল, বায়োফোর্জ, দৃষ্টি, ঋতু, ওয়ান্ডার উইম্যান ও লেদারিনার মতো বাংলাদেশি স্টার্টআপগুলো শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও নারীর ক্ষমতায়নের মতো জরুরি খাতগুলোয় তাদের অবদানের বিষয়টি তুলে ধরে। ভবিষ্যতে টেকসই উদ্যোগ নিশ্চিত করার ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতাকে উৎসাহিত করতে এসব স্টার্টআপের সঙ্গে জাপানি প্রতিষ্ঠান ও বাংলাদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ করিয়ে দেয় জাইকা।

বাংলাদেশের এসডিজি লক্ষ্য অর্জন ও সামাজিক উন্নয়নের সঙ্গে জড়িত কার্যক্রম তুলে ধরে ৫ জাপানি প্রতিষ্ঠান।

জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে সহযোগিতাপূর্ণ উন্নয়ন ও এসডিজি অর্জনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ধারাবাহিক রাখার ক্ষেত্রে স্থানীয় ব্যবসাগুলোর বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। জাইকা ২০২১ সালে হওয়া নিনজা (নেক্সট ইনোভেশন উইথ জাপান) নামে পরিচিত অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ও বর্তমানের প্রোডাক্ট মার্কেট ফিট (পিএমএফ) ট্রায়ালের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ ব্যবসার উন্নয়নে কার্যকরভাবে অংশগ্রহণ করছে।