বগুড়ার সংসদীয় ৭ আসনে ৮৯ মনোনয়নপত্র দাখিল 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি সংসদীয় আসনের বিপরীতে মনোয়ন পত্র দাখিল করেছেন ৮৯ জন প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগের দলীয় ৭ জন প্রার্থীর বিপরীতে আরও ৮ জন বিদ্রোহী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়াও এই ৭টি সংসদীয় আসনে আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র), জাতীয় পার্টি, জাসদ, তৃণমুল বিএনপি, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের প্রার্থীরা অংশ নিয়েছেন।

এরমধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাহাদারা মান্নান মনোনয়ন দাখিল করেছেন। অপরদিক এই আসনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র মনোনয়ন দাখিল করেছেন ২ জন। তারা হলেন, শাহাজাদী আলম লিপি ও কেএসএম মোস্তাফিজার রহমান শ্যামল। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক মনোনয়ন দাখিল করেছেন। তার বিপরীতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা কমিটির সদস্য আকরাম হোসেন।

বগুড়া-৩ (আদমদীঘি-দুচাঁচিয়া) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু মনোনয়ন দাখিল করেছেন। তার বিপরীতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন ৪ জন। তারা হলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অজয় কুমার সরকার, এরশাদুল হক টুলু, যুব ও ক্রীড়া সম্পাদক খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী, কেন্দ্রীয় প্রজন্ম লীগের সভাপতি ফেরদৌস স্বাধীন ফিরোজ। বগুড়া-৪ (কাহালু-নন্দিগ্রাম) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ মনোনয়ন দাখিল করেছেন। তার বিপরীতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগ নেতা মোশফিকুর রহমান।

বগুড়া-৫  (শেরপুর-ধুনট) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের প্রার্থী সভাপতি মজিবর রহমান মজনু মনোনয়ন দাখিল করেছেন। তার বিপরীতে কোন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নেই। বগুড়া-৬ (সদর) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু মনোনয়ন দাখিল করেছেন। তার বিপরীতে সদর আসনে কোন বিদ্রোহী প্রার্থী নেই। বগুড়া-৭ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু পরিষদ বগুড়ার সভাপতি ডা: মোস্তফা আলম নান্নু মনোয়ন দাখিল করেছেন। তার বিপরীতেও আওয়ামীলীগের বিদ্রোহী কোন প্রার্থী নেই।

এছাড়াও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে গণঅধিকার পার্টি-পিআরপি প্রার্থী হয়ে আলোচিত-সমালোচিত আশরাফুল আলম হিরো আলমের মনোনয়ন জমা দিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।