ভোলা-৪ আসন ভালোবাসায় সিক্ত নৌকার প্রার্থী জ্যাকব

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় সহকারী রিটার্নিং অফিসার ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে ঢাকা থেকে লঞ্চযোগে চরফ্যাশন লঞ্চঘাটে পৌঁছালে জ্যাকবকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মী সমর্থকদের ঢল নামে। পুরো চরফ্যাশন শহর জনসমুদ্রে পরিণত হয়। চরফ্যাশন রাসেল স্কয়ারের সামনে সদর রোডে এসে পৌঁছালে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন জ্যাকব। এ সময় তিনি পঞ্চমবারের মতো দলীয় মনোনয়ন পাওয়ায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। চরফ্যাশন ও মনপুরা এলাকায় দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশে জ্যাকব বলেন, ‘২০ বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। আপনাদের ভালোবাসা পেয়েছি। আগামীতেও আপনাদের ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাব।’

এ সময় তার সঙ্গে ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন আকন, মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সেলিনা চৌধুরী, চরফ্যাশন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন ও পৌর আওয়ামী লীগের সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।