মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বিএনপি বারবার রাজনৈতিক সিদ্ধান্তে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার বিকল্প কোনো পথ নেই। কিন্তু তারা কীভাবে ক্ষমতায় যেতে চায়? এটা আমার জানা নেই। কাজেই তাদের এটা ভুল সিদ্ধান্ত। বিগত দিনেও এটা বারবার প্রমাণিত হয়েছে, ভবিষ্যতে এটা প্রমাণিত হবে। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো উপায় নেই। আর আমরা সব সময় প্রতিযোগিতা বিশ্বাস করি। কিন্তু তাদের কী এমন দুর্বলতা? হয়তো তাদের শাসন আমলে সীমাহীন ব্যর্থতা ও দুর্নীতি ইত্যাদির কারণে তারা জনগণকে মোকাবিলা করতে ভয় পায় বলে আমার ধারণা।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় দলের একাধিক স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে নৌকার এ প্রার্থী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীরা যারা আসছেন, তারাও দলের লোক। এটা কোনো সমস্যা নয়। একাধিক প্রার্থী তাদের কথা বলতে পারে ও চাইতে পারে। তবে জনগণ কখনো সিদ্ধান্ত নিতে ভুল করে না। এদেশের ভোটাররা সারা জীবনই এটা প্রমাণ করেছেন। কাজেই আগামী সিদ্ধান্ত জনগণ ভুল করবে না। এটা আমি শতভাগ আস্থা রাখি। শুধু গাজীপুর-১ আসনেই নয় সারা দেশেই এরকম প্রার্থী আছে।’