রংপুরের ৬ আসনে ৪৯ মনোনয়নপত্র দাখিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে উৎসবমুখর পরিবেশে রংপুরের ৬টি সংসদীয় আসনে বৃহস্পতিবার শেষ দিন ৪৯ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন।

এরমধ্যে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী, জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের না এলেও তার পক্ষে জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ মনোনয়নপত্র দাখিল করেন।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নিজ নিজ সংসদীয় আসনে মনোনয়পত্র দাখিল করেন তারা। মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রংপুর জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোবাশ্বের হাসান।

রংপুর-১ ( সিটি’র আংশিক ও গংগাচড়া) আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মসিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির মনোনীত সাবেক এমপি এইচএম শাহরিয়ার আসিফ, আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যের লাইম হাউস আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিভার্সিটি ওয়েস্ট অফ ইংল্যান্ড শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্জুম আলী, স্বতন্ত্র প্রার্থী শাহিন আলম, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী শ্যামলী রায়, এনপিপি'র হাবিবুর রহমান, ওয়াকার্স পার্টির বখতিয়ার রহমান, জাতীয় সাংস্কৃতিক মুক্তিজোটের সাকলাইন প্রামানিক সবুজ মিয়া, স্বতন্ত্র প্রার্থী  মোশাররফ হোসেন ও তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামীলীগের আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল, জাকের পার্টি আশরাফ উজ জামান, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফ এর জিল্লুর রহমান, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বিটু, (আওয়ামীলীগ) সুমনা আক্তার মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রংপুর-৩ (সিটি কর্পোরেশন-সদর উপজেলা) আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামীলীগের তুষার কান্তি মন্ডল, জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের, জাকের পার্টির লায়লা আঞ্জুম আরা বেগম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি’র শফিউল আলম, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) আব্দুর রহমান রেজু, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক, স্বতন্ত্র প্রাথী হিসেবে (তৃতীয় লিঙ্গ) মোছাঃ আনোয়ারা ইসলাম রানী, এটিএম রাকিবুল বাশার।

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ৪ জন প্রাথী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামীলীগের টিপু মুনশি ও জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল, বাংলাদেশ কংগ্রেস সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র হাকিবুর রহমান।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ৯জন মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামীলীগের রাশেক রহমান, জাতীয় পার্টির আনিছুর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল হালিম মন্ডল, বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুর রহমান, বাংলাদেশ সুপ্রীম পার্টি আব্দুল ওয়াদুদ মিয়া, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এনামুল হক, জাকের পার্টি শামীম মিয়া, বিএনফ আব্দুল বাতেন ও স্বতন্ত্র (আওয়ামীলীগ) জাকির হোসেন।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ৯জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে আ’লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, জাতীয় পার্টির প্রার্থী নূরে আলম মিয়া যাদু, ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী হুমায়ূন ইজাজ লেভিন, তৃণমূল বিএনপি’র ইকবাল হোসেন লিপ্ত, বাংলাদেশ কল্যাণ পার্টির জাকারিয়া হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুল আলম, স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী নিজ-নিজ মনোনয়ন পত্র দাখিল করেন।

অপর দিকে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকতার কার্যালয় রংপুরে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ও জাকের পার্টির প্রার্থী বেদারুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।