২০২৮ সালে ভারতে জলবায়ু সম্মেলন কপ-৩৩ আয়োজনের প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১ ডিসেম্বর) জলবায়ু বিষয়ক জাতিসংঘের শীর্ষ সম্মেলন কপ (কনফারেন্স অব দ্য পার্টিজ) এর ২৮তম আসরে ভারতের প্রধানমন্ত্রী এই প্রস্তাব দেন।
সম্প্রতি জি-২০ সম্মেলনের সফল আয়োজন করেছে ভারত। সেই সম্মেলন সফল হওয়ার পরই দেশটির প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলন আয়োজন করার প্রস্তাব দিলেন।
গত বৃহস্পতিবার রাতে দুবাই পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে এক্স (টুইটার) পোস্টে তিনি লেখেন,'কপ-২৮ সম্মেলনে যোগ দিতে দুবাই এসেছি। সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে হওয়া বৈঠকের জন্য অপেক্ষা করছি।'
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার 'ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট' এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, 'বিশ্বের ধনী দেশগুলোকে ২০৫০ সালের আগেই কার্বন নিঃসরণ সম্পূর্ণভাবে হ্রাস করতে হবে। যথেষ্ট সম্পদশালী দেশ না হলেও ভারত জলবায়ু পরিবর্তন প্রক্রিয়ার জন্য জাতিসংঘ ফ্রেমওয়ার্কের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণে আমি এই মঞ্চ থেকে ২০২৮ সালে ভারতে কপ-৩৩ শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তাব করছি।'
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এক্সপ্রো সিটিতে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৮ শুরু হয়। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।