ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশনের (এনএমসি) পুরনো লোগো বদলে ফেলা হয়েছে। পুরনো লোগোতে ছিল দেশটির জাতীয় প্রতীক অশোক চক্র। কিন্তু সেই জায়গায় কমিশনের লোগো আমূল বদলে ফেলে নতুন লোগোতে বসানো হয়েছে হিন্দু দেবতা বিষ্ণুর অবতার ধন্বন্তরির ছবি। আর এই নিয়েই তুমুল বিতর্ক চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এর এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় মেডিক্যাল কমিশনের মতো সংস্থার লোগোতে হিন্দু দেবতার ছবি দেওয়া নিয়ে শুরু হয়েছে সমালোচনা। একদল চিকিৎসকদের বক্তব্য আধুনিক চিকিৎসা ব্যবস্থায় কী করে হিন্দু দেবতার ছবি ব্যবহার করা হয়! পাশাপাশি এনএমসির নতুন লোগোতে ইন্ডিয়ার পরিবর্তে লেখা হয়েছে ভারত। এ নিয়েও সরব হয়েছেন একাংশ।
এ বিষয়ে গত বৃহস্পতিবার মেডিকেল সার্ভিসেস সেন্টারের পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পাদক বিপ্লব চন্দ্র বলেন, ‘এনএমসির এই পদক্ষেপ ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ চিন্তাধারার উপর আঘাত হেনেছে। ন্যাশনাল মেডিকেল কমিশন সারা দেশের মেডিকেল শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাকে পরিচালনা করে। এ রকম একটা সংস্থার উপরে কখনওই একটি ধর্মের প্রভাব পড়া উচিত নয়। চিকিৎসা ক্ষেত্র সবসময়ই ধর্মীয় প্রভাবমুক্ত এবং বিজ্ঞানসম্মত হওয়া উচিত।’
একই রকম প্রতিবাদ জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কেরালার চিকিৎসকরাও। এক প্রতিবাদ লিপিতে তারাও বলেছে, ‘আধুনিক চিকিৎসা ক্ষেত্রে এধরণের লোগো অগ্রহণযোগ্য।’
এসব সমালোচনার জবাবে এনএমসি’র মুখপাত্র ডা. যোগেন্দর মালিক বলেন,’ কমিশনের লোগো পরিবর্তন করা হয়েছে এক বছর হলো, এতদিন কেবল তা সাদাকালো ছিল। এখন কেবল আরও আকর্ষণীয় করতে রঙিন করা হয়েছে।’
লোগোতে হিন্দু দেবতা কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ধন্বন্তরি দেবতাতে সমস্যাটা কোথায়? অহেতুক সমালোচনা।’