খুলনার তেরখাদায় এক যুবলীগ নেতাসহ দুই জনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম কাটেংগা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন পশ্চিম কাটেংগা এলাকার আলম মোল্যার পুত্র রাকিব মোল্যা (২৭) ও তার চাচি নাজমা বেগম (৫০)। আহত রাকিব মোল্যা উপজেলার বারাসাত ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাকিব মোল্যার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার হাত-পা কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় তার চাচি নাজমা বেগম ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে যখম করে। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তেরখাদা থানার ওসি (তদন্ত) এস এম আলম (কবির) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতে স্বজনরা এজাহার দেবে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।