জাম্বিয়ায় খনি ধসের ঘটনায় ৩০ জনেরও বেশি শ্রমিক মাটির নিচে আটকা পড়েছেন। শুক্রবার (১ ডিসেম্বর) চিনগোলার একটি তামার মাইনে এ দুর্ঘটনা ঘটে। ওই অঞ্চলে অসংখ্য বৈধ-অবৈধ খনি রয়েছে যেখানে ঝুঁকি নিয়ে কাজ করেন শ্রমিকরা।
জাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাক মুইয়ুমবু সংসদে খনি ধসের প্রসঙ্গে বলেন, চিনগোলায় একটি ট্র্যাজেডির মুখে পড়েছি আমরা। ধ্বংসস্তূপের নিচে ৩০ জনের বেশি শ্রমিক আটকা পড়ে আছেন। জাম্বিয়ার খনি মন্ত্রণালয় দুর্ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
বিশ্বের যতগুলো দেশ তামা উৎপাদন করে তাদের মধ্যে অন্যতম জাম্বিয়া। চিনগোলা দেশটির কপার-বেল্ট অঞ্চলের অন্তর্ভুক্ত। এটি রাজধানী লুসাকার ৪০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
জাম্বিয়ায় বিশ্বের সবচেয়ে বড় বড় উন্মুক্ত তামার খনিগুলো রয়েছে। এসব খনি থেকে মাটি তোলার কারণে পাশে যেসব বর্জ্য পাহাড়ের সৃষ্টি হয় সেগুলোর একেকটি ৩০০ ফুট উঁচুও হয়ে থাকে।