দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অধিকার রক্ষায় ১১টি দাবি জানিয়েছে বৃহত্তর ময়মনসিংহের সংশ্লিষ্ট সংগঠনগুলোর ঐক্য পরিষদ (ইউসিজিএম)। এতে সাংবিধানিক স্বীকৃতিসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের অধিকারের ইস্যুগুলো অন্তর্ভুক্তিতে জোর দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করা হয়।
এ সময় ইউসিজিএমের মহাসচিব লেখক ও গবেষক অরণ্য ই চিরান বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আইন ২০১০ প্রণয়ন করে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে বাংলাদেশ সংবিধানের ২৩ (ক) ধারায় সংযোজন করেছে, যা একটি যুগান্তকারী ঘটনা ছিল। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, তাতে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীকে ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। যার মাধ্যমে তাদের অধিকার ও অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে।
তিনি বলেন, সারা বিশ্বে ৭০টি দেশে প্রায় ৩০ কোটি আদিবাসী রয়েছে। বাংলাদেশেও কমপক্ষে ৫০টির বেশি সম্প্রদায়ের ৫০ লক্ষাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ বসবাস করে, যাদের ৭৫ শতাংশ সমতল এলাকার বাসিন্দা এবং বাকি ২৫ শতাংশ তিনটি পার্বত্য জেলার অধিবাসী। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর নিজস্ব ভাষা আছে, পোশাক আছে, সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, যা আলাদা বৈশিষ্ট্য বহন করে।