বগুড়ার চারটি আসনে বিএনপির সাবেক ৪ নেতা স্বতন্ত্র প্রর্থী

বগুড়ার সংসদীয় সাতটি আসনে এবার মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের ৮৯ জন প্রার্থী।

এর মধ্যে বিএনপির সাবেক চার নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।

গতকাল শুক্রবার দুপুরে জেলা নির্বাচন অফিস কর্র্তৃক প্রেরিত তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মনোনয়ন দাখিল করা বিএনপির চার নেতা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও চারবারের সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শোকরানা, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল এবং জেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিউটি বেগম।

তাদের মধ্যে মোহাম্মদ শোকরানা বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা), বিউটি বেগম বগুড়া-২ (শিবগঞ্জ), জিয়াউল হক মোল্লা বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও সরকার বাদল বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মনোনয়ন দাখিল করেছেন।

মনোনয়ন জমা দেওয়ার পর বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শোকরানা বলেন, ‘আমি বিএনপি থেকে পদত্যাগ করেছি। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।’

বগুড়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিউটি বেগম বলেন, ‘আগেও জনপ্রতিনিধি ছিলাম। এখন জনগণের সঙ্গেই আছি। যেহেতু আমি দলের বাইরে আছি, তাই জনগণের জন্যই ভোট করব।’

বগুড়া-৪ আসনের চারবারের সংসদ সদস্য জিয়াউল হক মোল্লা বলেন, ‘এ আসন আমার পুরনো বাড়িঘর। এই এলাকায় টানা চারবার এমপি ছিলাম। পুরো নেতাকর্মী আমার সঙ্গে।’