সাগরের লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, উন্নীত হতে পারে ঘূর্ণিঝড়ে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ উপকূল থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় ১৫১৫ কিলোমিটার দূরে অবস্থানরত নিম্নচাপটি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি আজ শনিবার দুপুরের পর গভীর নিম্নচাপে এবং সোমবার সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে নিম্নচাপের গতিপথ অনুসারে তা ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে ১৫১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১৪৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৪৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা থেকে ১৪২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে বলে দেশের উপকূলীয় এলাকাগুলোতে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।