দেশের উত্তরাঞ্চল ও নদী-অববাহিকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছীতে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ শনিবার (০২ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে দেশের উত্তরাঞ্চল ও নদী-অববাহিকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে। আবহাওয়ার একই অবস্থা আগামীকাল ও পরশুও থাকতে পারে। তবে বর্ধিত পাঁচদিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে আজ রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল ও পরশু সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.৭ আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে রাজশাহীতে গতকালের সর্বোচ্চ ৩০.০, আজকের সর্বনিম্ন ১৯.০; রংপুরে যথাক্রমে ২৮.৫ ও ১৮.৫; ময়মনসিংহে ৩০.৮ ও ১৭.৮; চট্টগ্রামে ৩১.৩ ও ২১.৪; খুলনায় ৩১.৫ ও ১৯.০ এবং বরিশালে ৩১.৫ ও ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস।