মৃত্যুর জন্য ইঁদুর মারা বিষকেই বেছে নিল সুমন

গাজীপুরের শ্রীপুরে ইঁদুরের বিষ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  আজ শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রের নাম সুমন আহম্মেদ (১৮)। সে মাওনা ইউনিয়নের হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল।

নিহত স্কুলছাত্র জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের মুদিদোকানি রানা আহম্মেদের ছেলে।

স্বজনারা জানান, শুক্রবার বিকালে খালি বাসায় একা ঘরের দরজা বন্ধ করে ইঁদুর মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে সুমন। ঘটনা টের পেয়ে তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  তবে স্বজনরা বলছে, কেন সে বিষ খেল তা তাদের জানা নাই। প্রেমঘটিত বিষয় থাকতে পারে বলে তাদের ধারণা। 

মাওনা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. শামীম মৃধা বলেন, শুক্রবার অসুস্থ স্কুলছাত্রকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আজ সেখানে তার মৃত্যু হয়েছে। সে স্থানীয় হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আসছে বছর সে এসএসসি পরীক্ষার্থী ছিল।

শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, এমন একটি খবর পেয়েছি। তবে নিহতের স্বজনরা এখনও পুলিশকে অবহিত করেনি। খোঁজ নিয়ে আরও বিস্তারিত জানতে চেষ্টা করছি।